নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বাংলাদেশ ও নেপালের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও সম্প্রসারণের অংশ হিসেবে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি জলবিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের বিষয়টি পর্যালোচনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সরকারি দলের সদস্য ফাহিমা নাসরিনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, নেপাল থেকে আরও বেশি পরিমাণ জলবিদ্যুৎ আমদানির লক্ষ্যে দুই দেশের যৌথ উদ্যোগে ৬৮৩ মেগাওয়াট ক্ষমতার একটি জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে।

তিনি জানান, বাংলাদেশ ইতোমধ্যে নেপালের সঙ্গে বিদ্যুৎ খাতে সহযোগিতা শুরু করেছে এবং বর্তমানে দেশটি থেকে ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ আমদানি করা হচ্ছে। ভবিষ্যতে এ সহযোগিতার পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, আঞ্চলিক বিদ্যুৎ বাণিজ্য ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। নেপালের জলবিদ্যুৎ সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জ্বালানির সরবরাহ বাড়ানোর সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আঞ্চলিক জলবিদ্যুৎ খাতে সহযোগিতা জোরদার করতে কোনো আইনি বা নীতিগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজন হলে সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, নেপালের সঙ্গে যৌথভাবে জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হবে এবং বিদ্যুতের উৎস বহুমুখীকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারের সুযোগও বাড়বে।