বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।
দপ্তর আদেশে বলা হয়েছে, এ.কে.এম. আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি এবং অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের অভিযোগে বিধি ৪১(১) অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন। পাশাপাশি তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানব সম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষে তার প্রাপ্য খোরাকি ভাতা পরিশোধ করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে। দপ্তর আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।