দোয়ারাবাজারে কমিউনিটি ক্লিনিকের গ্রিল কেটে চুরি, নগদ টাকা ও চিকিৎসা সামগ্রী লুট

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার হকনগর কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা চোরচক্র জানালার গ্রিল কেটে ক্লিনিকের ভেতরে প্রবেশ করে নগদ টাকা, সরকারি ওষুধপত্র এবং চিকিৎসা সরঞ্জাম নিয়ে গেছে।

ক্লিনিক ও থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ জুন বিকেল আনুমানিক ৩টার দিকে হকনগর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মো. কামরুল ইসলাম প্রতিদিনের মতো দায়িত্ব শেষে ক্লিনিক তালাবদ্ধ করে চলে যান।

পরে মঙ্গলবার (২৩ জুন) সকাল প্রায় ৯টার দিকে তিনি ক্লিনিকে এসে দেখতে পান, তার অফিস কক্ষের তালা ভাঙা এবং জানালার গ্রিল কাটা অবস্থায় রয়েছে। বিষয়টি দেখে তিনি চুরির ঘটনা নিশ্চিত হন।

ক্ষতিগ্রস্ত সিএইচসিপি মো. কামরুল ইসলাম জানান, চোরচক্র ক্লিনিকের ভেতরে প্রবেশ করে তার অফিস কক্ষের ড্রয়ারে রাখা নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া ক্লিনিকে সংরক্ষিত সরকারি বিভিন্ন ধরনের ওষুধপত্র, রক্তচাপ মাপার যন্ত্র, ডায়াবেটিস পরীক্ষার যন্ত্রসহ প্রয়োজনীয় বেশ কিছু চিকিৎসা সামগ্রী চুরি করা হয়েছে।

তিনি আরও জানান, চুরির বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে চুরি যাওয়া মালামাল খোঁজাখুঁজি ও জড়িতদের শনাক্তের চেষ্টা করার কারণে থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, হকনগর কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।