সুনামগঞ্জের ছাতক-কোম্পানীগঞ্জ সড়কের পৃথক দুটি সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। বুধবার বিকেলে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের আপ্তরখাল সংলগ্ন সড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ছাতক-কোম্পানীগঞ্জ সড়কের গোয়ালগাঁও-আমবাড়ি সেতু এবং প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন গণেশপুরের আপ্তরখাল সেতুর সংযোগ সড়ক নিচু করে নির্মাণ করা হচ্ছে।
তারা জানান, বর্তমানে সড়কের কিছু অংশ পানিতে তলিয়ে গেছে। বর্ষা মৌসুমে পানি আরও প্রায় দুই ফুট বৃদ্ধি পেলে পুরো সংযোগ সড়ক পানির নিচে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু বর্ষাকালে কার্যত অচল হয়ে পড়তে পারে।
বক্তারা আরও বলেন, বর্ষা মৌসুমে যান চলাচল স্বাভাবিক রাখতে হলে নির্মাণাধীন সংযোগ সড়কের নকশা ও প্রাক্কলন সংশোধন করে বর্তমান উচ্চতা থেকে আরও অন্তত দুই মিটার উঁচু করে নির্মাণ করতে হবে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, সমাজসেবক হাফিজ সোহেল আহমদ, ভিশন ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ও সাংবাদিক মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল এবং ব্যবসায়ী ফরিদ আহমদসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে এবং সরকারি অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর কার্যকারিতা ধরে রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।