সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ করা হয়েছে। সম্প্রতি দোলারবাজারস্থ ব্র্যাক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষকদের হাতে আধুনিক কৃষিযন্ত্র ও পরিবেশবান্ধব জৈব সার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম। তিনি ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহার কৃষি উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে। এতে উৎপাদন খরচ কমবে, সময় সাশ্রয় হবে এবং কৃষকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।”
ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) আসাদুজ্জামান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মেহেদী হাসান, বিজনেস ডেভেলপমেন্ট ইউনিটের সিনিয়র অফিসার এস. এম. মফিজুর রহমান, উপজেলা হিসাব ব্যবস্থাপক আবুল হাসিম এবং হিসাব সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের শাখা ব্যবস্থাপক হাসানুজ্জামান সরকার। বক্তারা বলেন, কৃষি খাতের আধুনিকায়নে প্রযুক্তিনির্ভর কৃষি উপকরণের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট মাটির উর্বরতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি তাদের জীবনমান উন্নয়নেও সহায়ক হবে।
সমাপনী বক্তব্যে বক্তারা আরও বলেন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট বিতরণ সেই ধারাবাহিক কার্যক্রমেরই অংশ, যা স্থানীয় কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পাওয়ার টিলার ও ভার্মি কম্পোস্ট পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, আধুনিক কৃষিযন্ত্র ও জৈব সার ব্যবহারের মাধ্যমে কৃষিকাজ আরও সহজ, সাশ্রয়ী এবং লাভজনক হবে। এ ধরনের সহায়তার জন্য তারা ব্র্যাক কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।