দলের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) সকালে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, আওয়ামী লীগ আজকের মিছিল, সমাবেশ বা জমায়েতের মাধ্যমে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তবে তাদের এ ধরনের পরিকল্পনা এখন পর্যন্ত নস্যাৎ করা হয়েছে। সামনে কয়েক ঘণ্টার মধ্যেও কোথাও মিছিল, সমাবেশ বা জমায়েত করতে দেওয়া হবে না বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার জানান, আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে গোয়েন্দা তথ্য ছিল পুলিশের কাছে। রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ বা জমায়েতের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ঢাকায় আসার পরিকল্পনার তথ্য পাওয়া যায়। এ কারণে তিন দিন ধরে ঢাকা শহরের বিভিন্ন এলাকা, বিশেষ করে প্রবেশপথ ও সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়।
তিনি আরও জানান, রাজধানীর প্রবেশমুখ, বাস টার্মিনাল, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন মেস, হোটেল ও সম্ভাব্য অবস্থানস্থলে তল্লাশি চালানো হয়েছে। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নাশকতার পরিকল্পনা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে মোসলেহ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মিছিল ও পরবর্তী সময়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণের ঘটনা থেকে ধারণা করা যায়, সুযোগ পেলে তারা নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে। তবে নির্দিষ্ট কোনো পরিকল্পনা সম্পর্কে শতভাগ নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি।