আসন্ন ২৯ জুন ২০২৬ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে (কর্মচারী) কল্যাণ ট্রাস্ট নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে লালমনিরহাট রেলওয়ে এলাকায় শুরু হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। লালমনিরহাট বিভাগীয় কমিটির শ্রমিক প্রতিনিধি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা ইতোমধ্যে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন এবং কর্মচারীদের কল্যাণে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন।
রেলওয়ে কর্মচারীদের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা, ন্যায্য দাবি-দাওয়া যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করাই এ নির্বাচনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। নির্বাচনে তিনটি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। তারা নিজেদের নির্বাচনী লক্ষ্য ও কর্মপরিকল্পনার কথা তুলে ধরেছেন।
“ক” গ্রুপের প্রার্থী মো. সাইদুর রহমান (ছাতা প্রতীক) বলেন, প্রকৌশল, সংস্থাপন, হিসাব, নিরাপত্তা বাহিনী ও সেতু প্রকৌশল বিভাগের কর্মচারীদের কল্যাণে কাজ করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, নির্বাচিত হলে রেলওয়ে কল্যাণ ট্রাস্টের সুবিধা যেন প্রকৃত কর্মচারীরা সমানভাবে পান, তা নিশ্চিত করতে কাজ করবেন।
“খ” গ্রুপের প্রার্থী মো. লুৎফর রহমান (মোরগ প্রতীক) বলেন, পরিবহন, বাণিজ্যিক, বিদ্যুৎ, ভূ-সম্পত্তি, চিকিৎসা ও টেলিযোগাযোগ বিভাগের কর্মচারীদের পেশাগত নিরাপত্তা এবং কল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কর্মচারীদের সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
“গ” গ্রুপের প্রার্থী মো. শামসউদ্দিন খন্দকার (গোলাপ ফুল প্রতীক) বলেন, শ্রমিক-কর্মচারীদের ঐক্যই সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হলে কল্যাণ ট্রাস্টের তহবিল যথাযথভাবে ব্যবহার এবং কর্মচারীদের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
নির্বাচনকে ঘিরে লালমনিরহাট রেলওয়ে এলাকায় এখন নির্বাচনী উৎসবের পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা নিজেদের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। সাধারণ কর্মচারীরা আশা করছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে, যারা রেলওয়ে কর্মীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।