আদব মানুষকে সম্মানিত করে পক্ষান্তরে আদবহীনতা মানুষের মর্যাদা নষ্ট করে।

ছারছীনা দরবার শরীফ থেকে প্রেরীত সংবাদ প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

আমীরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা. জি. আ.) বলেছেন, ইসলামে আদবের গুরুত্ব অত্যন্ত বেশি। একজন মানুষের ঈমান, আমল ও চরিত্রের সৌন্দর্য প্রকাশ পায় তার আদব-আখলাকের মাধ্যমে।

তিনি বলেন, মানুষকে মানুষের মাঝে সম্মানিত করে তার সম্পদ বা বংশ নয়, বরং তার আদব ও উত্তম চরিত্র। আদব এমন একটি গুণ, যা একজন মানুষকে সমাজে মর্যাদার আসনে অধিষ্ঠিত করে। আদব ছাড়া জ্ঞান ফলহীন বৃক্ষের মতো। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মাদ (সা.) ছিলেন আদব ও উত্তম চরিত্রের সর্বোত্তম দৃষ্টান্ত। তাঁর জীবন থেকে আমাদের আদবের শিক্ষা গ্রহণ করতে হবে।

সোমবার (২২ জুন) বাদ মাগরিব ছারছীনা দরবার শরীফ জামে মসজিদে পবিত্র হজ্বব্রত পালন শেষে দেশে ফিরে ছারছীনা দারুসসুন্নাত জামেয়ায়ে ইসলামিয়া, ছারছীনা দারুসসুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ্যে নসীহত প্রদানকালে তিনি এসব কথা বলেন।

পীর ছাহেব কেবলা আরও বলেন, আদবের প্রথম ধাপ হলো আল্লাহর সঙ্গে আদব। এরপর পিতা-মাতা, শিক্ষক, আলেম ও প্রতিবেশীদের সঙ্গে উত্তম আচরণ করা। বর্তমানে অনেকেই শিক্ষিত হচ্ছেন, কিন্তু আদব শিক্ষা গ্রহণ করছেন না। এর ফলে সমাজে অশান্তি, পারিবারিক কলহ ও পারস্পরিক বিদ্বেষ বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের চরিত্র গঠন করতে হবে। কারণ আদব মানুষকে সম্মানিত করে, আর আদবহীনতা মানুষের মর্যাদা ক্ষুণ্ন করে। এ সময় ছারছীনা দারুসসুন্নাত জামেয়ায়ে ইসলামিয়া, ছারছীনা দারুসসুন্নাত জামেয়ায়ে নেছারিয়া দীনিয়া ও হাফেজিয়া মাদ্রাসার আসাতিজায়ে কেরামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।