আত্রাইয়ে ক্লাস চলাকালীন সময়ে বিদ্যালয়ের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

আব্দুল মজি মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি। প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

নওগাঁর আত্রাই উপজেলায় ক্লাস চলাকালীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন ভবনের ছাদ ধসে অন্তত ৭ শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার বৈঠাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিদ্যালয় সূত্র ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তৃতীয় শ্রেণির কক্ষে সহকারী শিক্ষিকা রিক্তা রানী পাল পাঠদান করছিলেন। এ সময় হঠাৎ করে কক্ষের পেছনের অংশের একটি বিমসহ ছাদের একাংশ ভেঙে শিক্ষার্থীদের ওপর পড়ে যায়।

এতে তৃতীয় শ্রেণির অন্তত ৭ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পরপরই শিক্ষক ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে দুইজনকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমৃত কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। ঝুঁকি নিয়েই সেখানে ক্লাস পরিচালনা করতে হচ্ছিল। মঙ্গলবার হঠাৎ করে পেছনের বিমের অংশ ভেঙে পড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। দ্রুত নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।

এদিকে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে আগে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত জরাজীর্ণ ভবনটি অপসারণ করে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।