বাংলাদেশ ও মালয়েশিয়া বাণিজ্য, বিনিয়োগ, শ্রমবাজার, প্রতিরক্ষা, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, শিক্ষা, হালাল শিল্প এবং আঞ্চলিক সহযোগিতা—এই ৯টি গুরুত্বপূর্ণ খাতে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে একমত হয়েছে। দুই দেশ দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছে।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম–এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপক্ষীয় সফরে মালয়েশিয়া যান তারেক রহমান। সফরকালে দুই নেতার বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ককে আরও শক্তিশালী করতে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি, মালয়েশিয়া–বাংলাদেশ মুক্ত বাণিজ্য চুক্তি (এমবিএফটিএ) ২০২৭ সালের মধ্যে সম্পন্ন করা এবং যৌথ ব্যবসায়িক কাউন্সিল কার্যকরভাবে চালুর বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়।
মালয়েশিয়া বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপি-তে যোগদানের প্রচেষ্টার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে আসিয়ানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগকেও স্বাগত জানানো হয়।
শ্রমবাজার ইস্যুতে দুই দেশ স্বচ্ছ ও কাঠামোবদ্ধ নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে একমত হয়। পাশাপাশি দক্ষ কর্মী নিয়োগ ও অভিবাসন ব্যবস্থাকে সময়োপযোগী করতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়।
ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, ফিনটেক, সাইবার নিরাপত্তা ও স্মার্ট ম্যানুফ্যাকচারিং খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, গবেষণা এবং পর্যটন খাতেও অংশীদারিত্ব সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
জ্বালানি খাতে এলএনজি সরবরাহ, অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। প্রতিরক্ষা সহযোগিতা, শান্তিরক্ষা কার্যক্রম, সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় অপরাধ দমনে যৌথ উদ্যোগ আরও জোরদারের সিদ্ধান্তও আসে।
আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানের পক্ষে দুই দেশ তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে। পাশাপাশি ফিলিস্তিনসহ বৈশ্বিক সংকটে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়।
সফর শেষে মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানান তারেক রহমান। দুই দেশ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।