সরাইলে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, যন্ত্রপাতি বিকল করে বন্ধ করল প্রশাসন

সরাইল ক্রাইম রিপোর্টার, মোঃ ফয়জুল কবির প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ফসলি জমির উর্বর মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাটি কাটা কার্যক্রম বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিতারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে কৃষিজমির টপসয়েল বা উর্বর মাটি বেকু (খননযন্ত্র) ব্যবহার করে অবৈধভাবে কেটে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে এলে দ্রুত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে মাটি কাটার সত্যতা পায়। পরে তাৎক্ষণিকভাবে মাটি উত্তোলন কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহৃত যন্ত্রপাতি বিকল করে দেওয়া হয়, যাতে পুনরায় এ ধরনের কার্যক্রম চালানো সম্ভব না হয়।

অভিযান শেষে ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, ফসলি জমির উর্বর মাটি কেটে নেওয়া কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। কৃষিজমি রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কেউ আইন অমান্য করে কৃষিজমির মাটি কাটার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার কিছু অসাধু ব্যক্তি কৃষিজমির মাটি কেটে বিক্রি করে আসছিল। এতে জমির উৎপাদনক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি পরিবেশের ওপরও নেতিবাচক প্রভাব পড়ছিল। প্রশাসনের সময়োপযোগী অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা, পাহাড় কাটা এবং পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।