সমাবেশের ডাক ১১ দলীয় জোটের

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

সোমবার (২২ জুন) জোটের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। তিনি জানান, মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

হামিদুর রহমান আজাদ বলেন, সমাবেশে জামায়াতে ইসলামীর আমিরসহ জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। তিনি জানান, একই দাবিতে আগামী ৪ জুলাই দেশের বিভিন্ন জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং রাজনৈতিক নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটছে। এসব বিষয় সামনে রেখেই তারা কর্মসূচি ঘোষণা করেছেন বলে জানান তিনি।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ১১ দলীয় জোট ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বলেও জানান জোটের সমন্বয়ক। তিনি বলেন, এ বিষয়ে সামনে জোটের বৈঠক রয়েছে। সেখানে বিস্তারিত আলোচনা করে কর্মসূচির চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন কর্মসূচিগুলোতে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক বিষয় তুলে ধরা হবে।