কুষ্টিয়ার মিরপুর উপজেলা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন ও মাদক সেবনের অভিযোগে আরও দুইজনসহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উপজেলার পোড়াদহ ও সদরপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পোড়াদহ এলাকা থেকে ২৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শ্রী সুকুমার রায় নামের একজনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে সদরপুর ইউনিয়নের কাকিলাদহ গ্রামে মাদক সেবনের সময় এনামুল মোল্লা (৪০) ও সুমন মালিথা (৩৪) নামে আরও দুইজনকে আটক করা হয়। মিরপুর থানার এসআই ওয়াসিমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, মাদক নির্মূলে থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ব্যবসায়ী বা সেবনকারী—কেউই কোনো ছাড় পাবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।