মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সঙ্গে লেক ভ্রমণে ডা. জুবাইদা

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় লেক ক্রুজে অংশ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইলের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সময় কাটিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

সোমবার (২২ জুন) সকালে পুত্রাজায়া লেক ক্রুজে অংশ নিয়ে তিনি মনোরম লেক এলাকা ঘুরে দেখেন। নৌবিহারের সময় তিনি পুত্রাজায়ার বিভিন্ন দৃষ্টিনন্দন স্থাপনা, আধুনিক স্থাপত্যশৈলী এবং প্রশাসনিক কেন্দ্রের সৌন্দর্য উপভোগ করেন।

ডা. জুবাইদা রহমানের আগমন উপলক্ষে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডা. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং প্রধানমন্ত্রীর দপ্তরের (ফেডারেল টেরিটরি) মন্ত্রী হান্না ইয়োহ। পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাদের মধ্যে একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা প্রায় এক ঘণ্টা একসঙ্গে সময় কাটান এবং পুত্রাজায়ার মনোরম পরিবেশ ও প্রশাসনিক কেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব ও সম্পর্ক জোরদারে এ ধরনের সৌজন্য সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে অনুষ্ঠিত এ সফরটি প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সরকারি দ্বিপক্ষীয় বিদেশ সফর। ফলে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে এ সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্কও ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে মালয়েশিয়ার বৈশ্বিক বাণিজ্য অংশীদারদের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৮তম। পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ভারতের পর মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার বাংলাদেশ। দুই দেশের মধ্যকার মোট বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ দশমিক ১৮ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত।

সংশ্লিষ্টরা আশা করছেন, উচ্চ পর্যায়ের এ সফর দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ত সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে।