মানিকগঞ্জ পৌরসভার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মানিকগঞ্জ সদর প্রতিনিধি, আজহার হোসেন প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

জনদুর্ভোগ নিরসন এবং চলমান উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের অগ্রগতি তদারকির লক্ষ্যে সোমবার (২২ জুন ২০২৬) সকালে মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন নাজমুন আরা সুলতানা। তিনি মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিদর্শনকালে তিনি পৌর এলাকার চলমান উন্নয়ন প্রকল্প, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং নাগরিক সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করে জনসেবার মান আরও উন্নত করা এবং নাগরিক ভোগান্তি কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান। এছাড়া পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, জেলা প্রশাসকের এ পরিদর্শন পৌরসভার চলমান কার্যক্রমে গতি আনবে এবং নাগরিক সেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।