মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

ঢাকার ধামরাইয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ফারদিন (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার তানভীর হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ফারদিনের বাবা বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (২২ জুন) দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান। অভিযুক্ত তানভীর হোসেন উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের আবু হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তানভীরের বিরুদ্ধে। তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ফারদিনের ওপর ক্ষুব্ধ হন তিনি।

ঘটনার দিন রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের মাস্টার বাড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, খেলার মাঠ থেকে বাড়ি ফেরার পথে ফারদিনের ওপর হামলা চালানো হয়।

হামলার সময় ফারদিন চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে হামলাকারী পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফারদিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।