নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার–এ এক চীনা পর্যটককে হেনস্তা এবং ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আব্দুল মাবুত নামের এক যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। আটক ওই যুবক সামাজিক মাধ্যমে ‘হিরো নানা’ নামে পরিচিত।
জানা যায়, সম্প্রতি ওই পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা এক চীনা নাগরিকের সঙ্গে অভিযুক্ত ব্যক্তি অশোভন আচরণ করেন। পরে তিনি ঘটনার ভিডিও ধারণ করে অনলাইনে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এতে দেশের পর্যটন খাতের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন ওঠে।
ঘটনাটি নজরে আসার পর দ্রুত অভিযান চালিয়ে ট্যুরিস্ট পুলিশ পাহাড়পুর বৌদ্ধবিহার ইউনিট অভিযুক্ত আব্দুল মাবুতকে আটক করে। পরে তাকে নওগাঁর বদলগাছী থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয় বলে জানা গেছে।
বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পর্যটন স্থানের ভাবমূর্তি রক্ষায় ট্যুরিস্ট পুলিশের দ্রুত পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল ও নেটিজেনরা স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে পর্যটন কেন্দ্রগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে ভূমিকা রাখবে।