পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কিয়ার স্টারমার। তীব্র রাজনৈতিক চাপ, জনপ্রিয়তা হ্রাস এবং দলের ভেতরে অসন্তোষের মুখে সোমবার (২২ জুন) লেবার পার্টির এই নেতা পদত্যাগের ঘোষণা দেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন স্ত্রীকে সঙ্গে নিয়ে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে বেরিয়ে এসে উল্লাস ও করতালির মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন স্টারমার। তার পদত্যাগের মধ্য দিয়ে দলীয় প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহামের কাছে ক্ষমতা হস্তান্তরের পথ তৈরি হয়েছে। এর ফলে গত এক দশকের মধ্যে যুক্তরাজ্য নতুন সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে।

২০২৪ সালের সাধারণ নির্বাচনে বড় ধরনের জয় পেয়ে ক্ষমতায় এসেছিলেন কিয়ার স্টারমার। সে সময় দেশটির দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্ণ হওয়ার আগেই পদত্যাগ করায় তার সেই পরিকল্পনা বাস্তবায়িত হলো না।

গত কয়েক মাস ধরেই স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে অসন্তোষ বাড়ছিল। সমর্থন কমে যাওয়া, সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সমালোচনা এবং রাজনৈতিক চাপ তার অবস্থান দুর্বল করে তোলে।

গত শুক্রবার সেই চাপ আরও বেড়ে যায়, যখন গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম একটি পার্লামেন্টারি উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে হাউস অব কমন্সে ফিরে আসেন।

বার্নহামের এই জয় লেবার পার্টির অনেক আইনপ্রণেতার মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। দলের একাংশ মনে করছে, জনপ্রিয় ও বাগ্মী নেতা হিসেবে পরিচিত অ্যান্ডি বার্নহামই ক্রমাগত সমর্থন হারানো লেবার পার্টিকে আবারও শক্ত অবস্থানে ফিরিয়ে আনতে পারেন।

স্টারমারের পদত্যাগের পর এখন যুক্তরাজ্যের রাজনীতিতে নতুন নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে। লেবার পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব এবং দেশটির রাজনৈতিক গতিপথ কোন দিকে যাবে, সেটিই এখন বড় প্রশ্ন।