নওগাঁয় চাকরি মেলায় ১৯ প্রতিষ্ঠানে ১৪০ জনের তাৎক্ষণিক নিয়োগ

নওগাঁ প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

তরুণদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা বিকাশে সহায়তার লক্ষ্যে নওগাঁয় দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)’ প্রকল্পের আওতায় মৌসুমী ও দাবি মৌলিক উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, সমস্যা সমাধান ও জীবনদক্ষতা অর্জন জরুরি। এ ধরনের চাকরি মেলা প্রশিক্ষিত তরুণদের সরাসরি নিয়োগদাতাদের সঙ্গে সংযুক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।

আয়োজকরা জানান, মেলায় মোট ১৯টি নিয়োগদাতা প্রতিষ্ঠান অংশ নেয়। চাকরিপ্রার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত জমা, তাৎক্ষণিক সাক্ষাৎকার ও নিয়োগদাতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পান।

বিভিন্ন ট্রেডে অংশগ্রহণকারী শিক্ষানবিশদের মধ্য থেকে আইটি, ইলেকট্রিক্যাল, গার্মেন্টস, ডিজিটাল মার্কেটিং, অটোমোবাইল, প্লাম্বিংসহ নানা খাতে দক্ষ প্রার্থীদের মধ্যে ১৪০ জনকে তাৎক্ষণিকভাবে নিয়োগ দেওয়া হয়।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ গঠন এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।