দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি জোরদার এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২২ জুন) সকাল ১২টায় দোয়ারাবাজার উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইরা (ERA) ও প্ল্যান ইন্টারন্যাশনালের আর্থিক সহযোগিতায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্ল্যান বাংলাদেশের নিশাত আরা মীম। সভা সঞ্চালনা করেন কৃষিবিদ কামরুল ইসলাম।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন, বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে আগাম প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে কার্যকর সমন্বয় এবং দুর্যোগকালীন সেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং সংশ্লিষ্ট সব দপ্তর, জনপ্রতিনিধি ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সভায় দুর্যোগ ঝুঁকি হ্রাস, আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার, স্থানীয় পর্যায়ে প্রস্তুতি বৃদ্ধি এবং দুর্যোগকালীন কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নুসরাত জাহান জেরিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিভাগের অধ্যাপক আইশিয়া ফিরোজ আইশি, উপজেলা কৃষিবিদ আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লুৎফর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, পাবলিক হেলথ কর্মকর্তা বিপ্রেশ তালুকদার, ইসলামী ফাউন্ডেশনের মাওলানা জয়নাল আবেদিন, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম সতর্কতা, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা কার্যক্রম নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়মিত সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।