কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুমিল্লা উত্তর জেলা শাখার সহসভাপতি ও কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন। মৃত্যুকালে তিনি চিকিৎসাধীন ছিলেন।
রোববার (২১ জুন) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সদস্য সচিব সারওয়ার হোসেন বাবু।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় সারওয়ার হোসেন বাবু গভীর শোক প্রকাশ করে লেখেন, “কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী আপা আজ রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।”
সেলিমা আহমাদ মেরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বও পালন করেছেন।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ হোমনা ও তিতাস উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার মৃত্যুতে শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছেন।
এদিকে সেলিমা আহমাদ মেরীর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। পারিবারিক সূত্রে তার মরদেহ দেশে আনা এবং দাফনের বিষয়ে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে বলে জানা গেছে।