জুনের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

চলতি জুন মাসের প্রথম ২০ দিনে দেশে ১৯৫ কোটি ৩৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৭৭ লাখ ডলার, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের প্রথম ২০ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৩ কোটি ৫৩ লাখ ১০ হাজার ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে সর্বোচ্চ ১২১ কোটি ৮৮ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।

রেমিট্যান্স প্রবাহের ধারাবাহিকতায় চলতি অর্থবছরেও ইতিবাচক প্রবণতা বজায় রয়েছে। এর আগে গত মে মাসে দেশে এসেছিল ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে রেকর্ড হয়েছে।

এরও আগে এপ্রিল মাসে দেশে আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চ মাসে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার রেমিট্যান্স। মার্চের এই আয় দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড গড়েছিল।

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতেও রেমিট্যান্স প্রবাহ ছিল উল্লেখযোগ্য। জানুয়ারিতে দেশে আসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার এবং ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ডলার। এর আগে ডিসেম্বর মাসে এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বর মাসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

অর্থনীতিবিদদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে সরকারের বিভিন্ন উদ্যোগ, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং প্রবাসীদের আস্থার কারণে সাম্প্রতিক সময়ে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।