চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় তিনি চীনের দালিয়ানে পৌঁছান।

এর আগে স্থানীয় সময় বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীনের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশে যাত্রা শুরু করেন। সেখানে তিনি দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর চীনের রাজধানী বেইজিংয়ে যাবেন, যেখানে তার রাষ্ট্রীয় সফরের মূল কর্মসূচি শুরু হবে।

চীন সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী দালিয়ানে অনুষ্ঠিতব্য বিশ্ব আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের (ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম) বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা অংশ নেবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর বিদায়ের সময় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের বুঙ্গা রায় কমপ্লেক্সের বিশেষ ভিআইপি টার্মিনালে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার ধর্মমন্ত্রী জুলফিকলি হাসান। এছাড়া বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মনজুরুল করিম এবং ডেপুটি হাই কমিশনার শাহানারা মলিকাও সেখানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মালয়েশিয়া সফরের পর চীন সফর বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে এ সফরে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর এ সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।