গোসিংগা ইউনিয়ন চেয়ারম্যান পদে আলোচনায় শামসুদ্দিন শিকদার

হাদিউল আলম মোড়ল: প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ জুন, ২০২৬

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা–এর ৭ নম্বর গোসিংগা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. শামসুদ্দিন শিকদারকে ঘিরে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা বাড়ছে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গাজীপুর জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে গোসিংগা ইউনিয়ন যুবদলের সভাপতি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং গাজীপুর জেলা বিএনপির সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা উন্নয়নেও তার ভূমিকা রয়েছে। তিনি গোসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোড়লপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোসিংগা সিনিয়র আলিম মাদ্রাসা ও গোসিংগা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া লতিফপুর জামিয়া উলামা শরিয়াহ মাদ্রাসার সিনিয়র সহ-সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

স্থানীয় সরকার ব্যবস্থায়ও তার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। তিনি গোসিংগা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত সদস্য (মেম্বার) ছিলেন। পাশাপাশি প্যানেল চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের একাংশের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন। তাদের বিশ্বাস, ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় তার অভিজ্ঞতা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন জনগণের ভোটে নির্ধারিত হবে। শেষ পর্যন্ত ভোটারদের রায়েই ঠিক হবে গোসিংগা ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যাবে।