গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের উপনেতা ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।
রবিবার (২১ জুন) সকালে Chaud্দগ্রাম উপজেলা পরিষদে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বিকেলে তিনি দেড়কোটা ও ধোড়করা এলাকায় পৃথক পথসভায় বক্তব্য রাখেন। এ সময় তিনি ঢাকা–চট্টগ্রাম বিকল্প সড়ক ও শাহ ফখর উদ্দিন সড়কের চৌদ্দগ্রাম অংশের সংস্কার কাজের উদ্বোধন করেন।
তৃতীয় পথসভায় মাগরিবের নামাজের পর বক্তব্যে ডা. তাহের বলেন, ৪৭ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে সড়কটি পুনর্নির্মাণ করা হচ্ছে, যা অত্যন্ত মজবুত ও টেকসইভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি জানান, পর্যায়ক্রমে চৌদ্দগ্রামের অন্যান্য সড়কও চলাচলের উপযোগী করে উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, উন্নয়ন তখনই অর্থবহ হয় যখন তা মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখে। জনগণের কল্যাণ ও এলাকার অর্থনৈতিক অগ্রগতির জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সড়ক উদ্বোধনের মাধ্যমে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
সুশাসন, জবাবদিহিতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, উপজেলা এলজিআরডি প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সাবেক উপজেলা আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা ইব্রাহীম, উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইন এবং স্থানীয় নেতৃবৃন্দ।