বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সোমবার (২২ জুন) মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিকে সামনে রেখে একাদশে একটি পরিবর্তনের আভাস মিললেও অধিনায়ক লিওনেল মেসি শুরুর একাদশেই থাকছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে দুর্দান্ত সূচনা করেছিলেন মেসি। সেই ধারাবাহিকতা ধরে রেখে অস্ট্রিয়ার বিপক্ষেও আর্জেন্টিনার আক্রমণভাগের প্রধান ভরসা থাকবেন তিনি।
তবে রক্ষণভাগে একটি পরিবর্তন আনতে হতে পারে কোচ লিওনেল স্কালোনিকে। ডিফেন্ডার গনসালো মন্টিয়েলকে না পাওয়ায় তার জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে নাহুয়েল মোলিনাকে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ; থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাওতারো মার্টিনেজ।
অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে নকআউট পর্বে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে আর্জেন্টিনা। একই সঙ্গে মেসির সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার সুযোগ। বিশ্বকাপে আর মাত্র একটি গোল করলেই তিনি জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে যাবেন। এখন দেখার বিষয়, অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনা জয় তুলে নিতে পারে কি না, আর মেসি তার রেকর্ড গড়ার মিশন পূরণ করতে পারেন কি না।