মৌসুমি বায়ুর প্রভাবে দেশের তিন বিভাগে আগামী দুই দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
রোববার (২১ জুন) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। আবহাওয়ার এমন পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ভারী বর্ষণের কারণে পাহাড়ি ও নিম্নাঞ্চলে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।