১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী আবারও আলোচনায় উঠে এসেছেন অসাধারণ এক ব্যাটিং নৈপুণ্যে। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মাত্র ১১ বলে হাফ-সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়েছেন এই বাঁহাতি ওপেনার।

রোববার (২১ জুন) ডাম্বুলায় অনুষ্ঠিত ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলে ভারতের ইনিংস উদ্বোধনে নামেন সূর্যবংশী। শুরু থেকেই তিনি প্রতিপক্ষ বোলারদের ওপর আক্রমণাত্মক ব্যাটিং করেন।

মোহাম্মদ শিরাজের এক ওভারেই তিনি ৩টি ছক্কা ও ২টি চার হাঁকিয়ে ২৬ রান সংগ্রহ করেন। পরে মাত্র ১১ বলে পঞ্চম ছক্কা মেরে নিজের ফিফটি পূর্ণ করেন তিনি।

এই ইনিংসের মাধ্যমে তিনি ভেঙে দেন ২০০৫-০৬ মৌসুমে শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নের ১২ বলে হাফ-সেঞ্চুরির ২০ বছরের পুরোনো রেকর্ড। একই সঙ্গে ভারতের ঘরোয়া ক্রিকেটে সরফরাজ খানের ১৫ বলে ফিফটির রেকর্ডও ছাড়িয়ে যান সূর্যবংশী।

ফিফটির পরও তার আক্রমণ থামেনি। দ্রুতই সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেও মাত্র ৬ রানের জন্য ইতিহাস গড়া সেই রেকর্ড ছুঁতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২৯ বলে ৯৪ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন এই তরুণ ব্যাটার।