হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে তিন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮০ জনে।

এদিকে গত একদিনে দেশে নতুন করে ৬২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ১ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও উপসর্গ শনাক্তের সংখ্যা ১ হাজার ৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে মোট ৯২ হাজার ৭৯০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১১ হাজার ১১ জনের হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামের সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বাড়ছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৭৬ হাজার ৮৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের মধ্যে চিকিৎসা শেষে ৭২ হাজার ৮৪৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। তবে এখনো বিপুলসংখ্যক রোগী দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে। পাশাপাশি শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় এনে হাম প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।