সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের দ্রুত সন্ধান ও উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২১ জুন সকাল ১০টায় খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো আফসার (৯) ও মো. আব্দুল্লাহ আলী (১০), যারা খুকনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। বক্তারা জানান, গত ১১ জুন ২০২৬, বুধবার সকাল ১২টার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
মানববন্ধনে বক্তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিখোঁজ দুই শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবি জানান। একই সঙ্গে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান, কোনো ব্যক্তি শিশু দুটির সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।