‘সামনে আসবি না, মাইরা ফালামু’: মিছিল থেকে যুবলীগের হুমকি

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীতে যুবলীগের একটি বিক্ষোভ মিছিল থেকে কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে হুমকিমূলক স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার (২১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে মহানগরীর বাসন থানার কলম্বিয়া গার্মেন্টস এলাকার সামনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যদের দেখে মিছিলকারীদের কয়েকজনকে বলতে শোনা যায়, “একটাও সামনে আসবি না। মাইরা ফালামু।” এ সময় তারা ‘রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই’ এবং ‘যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

ভিডিওতে আরও দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলম্বিয়া এলাকায় শাকিল এন্টারপ্রাইজের সামনে থেকে ৩০-৩৫ জন যুবক একটি ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। ব্যানারে লেখা ছিল, ‘২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক, সার্থক হোক’ এবং ‘বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যক্রম নিষিদ্ধ মহানগর যুবলীগের একটি মিছিল বাসন থানার কলম্বিয়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে গাছা থানার মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলটি গাছা থানা এলাকায় প্রবেশের সময় সেখানে গাছা থানার একজন এসআইসহ দুই পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সদস্যরা মিছিলের দিকে এগিয়ে গেলে মিছিল থেকে এক যুবলীগ নেতা তাদের সামনে না আসার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ সদস্যরা আর সামনে এগিয়ে যাননি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা শুরু হয়।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, মিছিলটি বাসন থানা এলাকা থেকে শুরু হয়ে গাছা থানা এলাকায় প্রবেশ করেছিল। সেখানে গাছা থানার একজন এসআইসহ দুই পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, মিছিলটি বাসন থানার শেষ প্রান্ত কলম্বিয়া এলাকা থেকে শুরু হলেও পুলিশকে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে গাছা থানা এলাকায়। কারা এ মিছিলে অংশ নিয়েছিল, তা শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।