চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে শতাধিক পরিবারের চলাচলের একমাত্র সরকারি রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।
রবিবার (২১ জুন) উপজেলার ১নং চরতী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পানি চরতী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী স্থানীয়রা অংশ নিয়ে রাস্তা উদ্ধারের দাবি জানান।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত একমাত্র রাস্তার একটি অংশ জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ করায় এলাকার মানুষের স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে অসুস্থ রোগী পরিবহন, জরুরি সেবা গ্রহণ এবং এমনকি মরদেহ বহনের ক্ষেত্রেও চরম ভোগান্তি তৈরি হয়েছে।
তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত বাড়ি থেকে নোংরা ও বর্জ্যযুক্ত পানি রাস্তায় এসে জমে থাকায় পরিবেশ নষ্ট হচ্ছে এবং পথচারী ও মুসল্লিদের চলাচলেও সমস্যা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে লিখিত অভিযোগ করেন। পরে বিষয়টি তদন্তের জন্য ইউনিয়ন পরিষদে পাঠানো হলে প্রতিবেদনে রাস্তার ভেতরে প্রায় ১০ থেকে ১৩ ফুট সরকারি জায়গা দখলের সত্যতা পাওয়া যায়।
তবে অভিযোগের বিষয়ে আহমদ ছফার ছেলে প্রবাসী হামিদুল ইসলাম বলেন, ২০১৬ সালে বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং দীর্ঘদিন কেউ আপত্তি জানায়নি। এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু লোক বাধা সৃষ্টি করছে বলে তিনি দাবি করেন।
ইউনিয়ন পরিষদের তদন্তে দখলের সত্যতা পাওয়া গেলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপে সরকারি রাস্তা দখলমুক্ত করে জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।