লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত 

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পশ্চিমাঞ্চলের হোয়াইট সিটি এলাকায় একটি একতলা প্যাভিলিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করে লন্ডন ফায়ার ব্রিগেড।

ফায়ার ব্রিগেডের তথ্য অনুযায়ী, হোয়াইট সিটির নিউজিল্যান্ড ওয়ে এলাকায় অবস্থিত প্যাভিলিয়নে আগুন লাগার বিষয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে প্রথম জরুরি কল আসে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৫টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ১০০ জন দমকলকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়।

অগ্নিকাণ্ডে ভবনটির অর্ধেকেরও বেশি অংশ সম্পূর্ণ পুড়ে যায়। উদ্ধার অভিযান চলাকালে ভবনের ভেতর থেকে তিনজনকে বের করে আনা হয়। ধোঁয়ায় আক্রান্ত ওই ব্যক্তিদের ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা দেওয়া হয়।

পরে চিকিৎসকেরা দুজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। অপর একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তিনজনই পুরুষ বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

লন্ডন ফায়ার ব্রিগেড জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর সাধারণ মানুষের কাছ থেকে মোট ১৯টি জরুরি কল পাওয়া যায়। আগুনের ভয়াবহতা বিবেচনায় আশপাশের কয়েকটি ফায়ার স্টেশন থেকেও অতিরিক্ত ইউনিট পাঠানো হয়। দীর্ঘ প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার পর রাত ৯টা ২৫ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করেছেন লন্ডন ফায়ার ব্রিগেডের বিশেষ অগ্নি তদন্তকারী কর্মকর্তারা। তদন্ত কার্যক্রমে স্থানীয় পুলিশও সহযোগিতা করছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং হতাহতদের পরিচয় শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। একই সঙ্গে ভবনটিতে নিরাপত্তা ব্যবস্থা ও অগ্নিকাণ্ডের সম্ভাব্য উৎস সম্পর্কেও বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।