বান্দরবানের লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জমি নিয়ে সালিশে উত্তেজনা

ভ্রাম্যমাণ প্রতিনিধি,মাঈনুদ্দিন প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার সীমানা ও মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক সালিশি বৈঠকে চরম উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, কোয়ান্টাম ফাউন্ডেশনের বৃদ্ধাশ্রমের জায়গার মালিকানা ও সীমানা নির্ধারণ নিয়ে ফাউন্ডেশন এবং স্থানীয় গফুর ম্যানেজার পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও দলিলসহ উভয় পক্ষকে নিয়ে আজ একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত বৈঠকে গফুর ম্যানেজার, কামাল উদ্দিন, কালা আনোয়ার, শাহ মিয়া, মোহাম্মদ রায়হানসহ উভয় পক্ষের প্রতিনিধিরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের ইনচার্জ আসাদুল ইসলাম অভিযোগ করে বলেন, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষের বৈধ কাগজপত্র উপস্থাপনের কথা থাকলেও তাদের পক্ষ থেকে সব দলিল দেখানো সম্ভব হলেও প্রতিপক্ষ কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেনি। পরে হঠাৎ করেই উত্তেজনা সৃষ্টি করে তাদের ওপর হামলা চালানো হয় বলে তিনি দাবি করেন। এরই জেরে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতি তৈরি হয়। পরে খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে লামা সার্কেল অফিসার (এএসপি) মাসুম সরদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয় পক্ষের সঙ্গে একাধিক দফা আলোচনা করেন। পরে কেঁয়াজু পাড়া পুলিশ ফাঁড়িতে উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের মাধ্যমে প্রাথমিকভাবে পরিস্থিতি শান্ত করা হয়।