টিকিট না থাকায় জরিমানা, স্টেশন মাস্টারকে বেধড়ক পেটালেন উত্তেজিত ব্রাজিল সমর্থক

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে মারধর ও রেলওয়ের বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাঙচুরের ঘটনায় সুমন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকাল সোয়া ৯টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেন কসবা রেলস্টেশনে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।

আহত স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমান জানান, ট্রেনটি স্টেশনে থামার পর ব্রাজিলের জার্সি পরা সমর্থক সুমন মিয়া তার কক্ষে প্রবেশ করেন। এ সময় টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে তিনি উত্তেজিত আচরণ শুরু করেন।

স্টেশন মাস্টারের দাবি, টিকিট না থাকায় ওই যাত্রীর কাছ থেকে ১০০ টাকা জরিমানা নেওয়া হয়েছিল। এ বিষয়ে কৈফিয়ত চাইলে তাকে জানানো হয়, ট্রেনে টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব টিকিট পরীক্ষক এবং রেলওয়ে পুলিশের। এ বিষয়ে স্টেশন মাস্টারের কোনো দায়িত্ব নেই।

এ কথা বলার পর সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে স্টেশন মাস্টারের ওপর হামলা চালান এবং তাকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে তিনি স্টেশনের অ্যানাউন্সমেন্ট মাইক, কম্পিউটার, মাউস, টেলিফোন, ওয়াকিটকিসহ বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাঙচুর করেন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযুক্ত সুমন মিয়াকে আটক করা হয়। এরপর তাকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টিকিট ছাড়া ভ্রমণের কারণে জরিমানা করাকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। বর্তমানে আটক ব্যক্তি কসবা থানায় রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।