প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক রেজাওয়ানুর ইসলাম জামিন পেয়েছেন। রোববার (২১ জুন) বগুড়ার সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তানজিম আল মেজবা জানান, দুপুরে জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রেজাওয়ানুর ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে তিনি কারাগারে ছিলেন। এর আগে গত ১৮ জুন রাতে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে রেজাওয়ানুর ইসলামকে গ্রেপ্তার করে।
মামলার নথি অনুযায়ী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে গত ১৫ জুন মামলা দায়ের করেন বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দ্য নিউ নেশন পত্রিকার উত্তরাঞ্চলীয় প্রতিনিধি তানভীর আলম রিমন। মামলায় পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, ভারপ্রাপ্ত সম্পাদক, বার্তা সম্পাদক, প্রতিবেদকসহ কয়েকজন সাংবাদিককে আসামি করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা পরিকল্পিতভাবে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ ও প্রচার করে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন। তবে এ ঘটনায় পরে এক বিবৃতিতে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হচ্ছে। তার নাম ব্যবহার করে বা তার পক্ষ থেকে দাবি করে কেউ যেন ব্যক্তিগতভাবে কোনো মামলা, বিবৃতি কিংবা অন্য কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, কারণ এসব বিষয়ে তার কোনো অনুমোদন বা নির্দেশনা নেই।
বিবৃতিতে তিনি অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিকদের গ্রেপ্তারকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের আশা প্রকাশ করেন। একই সঙ্গে গ্রেপ্তার সাংবাদিকদের দ্রুত মুক্তির প্রত্যাশা জানান। তিনি আরও বলেন, মামলার বাদীও একজন সাংবাদিক এবং বগুড়া প্রেসক্লাবের নির্বাচিত কোষাধ্যক্ষ। তাই এ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সমাজে যেন কোনো বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।