কাপ্তাই হ্রদে মিলল নারীর মরদেহ, ছিলেন নিখোঁজ

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২৬

রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকায় সমাজসেবা কার্যালয়ের পাশের কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার (২১ জুন) সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালানো হয়। পরে মরদেহটি উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকার শিশু আবদুল্লাহ হ্রদের পানিতে লুঙ্গি পরিহিত অবস্থায় উপুড় হয়ে ভাসমান একটি মরদেহ দেখতে পায়। বিষয়টি সে আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। নিহত নারীর নাম মুক্ত বড়ুয়া (২৮)। তিনি রাঙ্গামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম অভিজিৎ বড়ুয়া।

পরিবারের সদস্যরা জানান, মুক্ত বড়ুয়া দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। গত শুক্রবার ভোররাতে পরিবারের অগোচরে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি।

পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে শনিবার রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

স্থানীয় বাসিন্দা অপু চৌধুরী জানান, সকালে এক শিশু তাকে হ্রদের পানিতে ভাসমান কিছু দেখার কথা জানায়। প্রথমে তিনি ধারণা করেছিলেন, পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা কাঠ বা বাঁশ হতে পারে। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. গিয়াস উদ্দিন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, মুক্ত বড়ুয়ার স্বামী তার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।