জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। এ সময় তিনি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে কথা বলার সুযোগ চান। তবে তাকে বসার নির্দেশ দিয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সংসদ সদস্য আপনি বসুন, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।’
রোববার (২১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছিলেন। মন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পরপরই সংসদে কথা বলার জন্য নিজের আসন থেকে দাঁড়িয়ে পড়েন আব্দুল হান্নান মাসউদ। এ সময় তিনি স্পিকারের কাছে বক্তব্য দেওয়ার অনুমতি চান।
সংসদের সভাপতির দায়িত্ব পালন করা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে উদ্দেশ করে বলেন, ‘হান্নান মাসউদ, আপনি বসুন। সংসদে কথা বলার জন্য আপনি যখন খুশি তখন দাঁড়াবেন, দিস ইজ নট দ্য নর্ম। মাননীয় সদস্য, দয়া করে আপনি বসুন।’
ডেপুটি স্পিকার একাধিকবার বসার অনুরোধ জানালেও হান্নান মাসউদ নিজের আসনে না বসে দাঁড়িয়ে থেকে কথা বলার সুযোগ দাবি করতে থাকেন। তিনি বারবার স্পিকারের উদ্দেশে বক্তব্য দেওয়ার অনুমতি চান।
পরে ডেপুটি স্পিকার তাকে সতর্ক করে বলেন, ‘হান্নান মাসউদ, এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ। আপনি আপনার সিটে বসুন।’ এরপরও তিনি আসনে না বসে চেয়ার ছেড়ে দুই হাত উঁচিয়ে সংসদে চিৎকার করতে থাকেন। এ সময় অধিবেশন কক্ষে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফ্লোর নিয়ে বক্তব্য দেন। তার বক্তব্যের মাধ্যমে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেয় সংসদ।