ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগামী ১ জুলাই থেকে ১০ জন সশস্ত্র আনসার সদস্য দায়িত্ব পালন শুরু করবেন। হাসপাতালের নিরাপত্তা, শৃঙ্খলা এবং সেবার পরিবেশ আরও উন্নত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং রোগী ও তাদের স্বজনরা আরও নিরাপদ পরিবেশে সেবা গ্রহণ করতে পারবেন বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে হাসপাতালের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এটি কার্যকর ভূমিকা রাখবে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, হাসপাতালের সেবার মান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে।
স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা বৃদ্ধি ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা সেবার মানে ইতিবাচক পরিবর্তন এনেছে।
এ উদ্যোগের ফলে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও আধুনিক, নিরাপদ ও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে বলে আশা করছেন এলাকাবাসী।