বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চট্টগ্রামের সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন

বাঁশখালী প্রতিনিধি, মোহাম্মদ ফখরুল ইসলাম প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ জুন, ২০২৬

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার (২০ জুন ২০২৬) আকস্মিকভাবে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। তাঁর এ সফরকে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, ইনডোর, প্রসূতি বিভাগসহ বিভিন্ন সেবা খাত ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।

সিভিল সার্জন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের চিকিৎসাসেবার মান সম্পর্কে মতামত গ্রহণ করেন এবং সেবার মান আরও উন্নত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের মাধ্যমে সর্বোচ্চ সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএস) ডা. নাজমা আক্তার, ডা. রাশেদুল ইসলামসহ হাসপাতালের চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টদের মতে, সিভিল সার্জনের এ আকস্মিক পরিদর্শন হাসপাতালের কার্যক্রমে গতিশীলতা আনবে এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।