আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণ পরীমণির, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন সেই আনন্দে শামিল হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। বরাবরের মতোই আর্জেন্টিনা এবং লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসা ও সমর্থনের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করছেন তিনি।

আর্জেন্টিনার প্রথম ম্যাচে জয়ের পর ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি শেয়ার করেছিলেন পরীমণি। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।”

এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ভিডিওতে তাকে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরিহিত অবস্থায় দেখা যায়। জার্সির সামনে লেখা ছিল ‘মেসি ১০’ এবং পেছনে ছিল ‘পরী’ নামটি।

ভিডিওটির বিশেষ আকর্ষণ ছিল আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের নাম নিয়ে তৈরি একটি গানের সঙ্গে পরীমণির অভিনয়ধর্মী উপস্থাপনা। গানের তালে তালে তিনি একে একে আর্জেন্টাইন ফুটবলারদের সিগনেচার উদযাপন ও ভঙ্গিমা অনুকরণ করেন। একই সঙ্গে মাঠে খেলোয়াড়দের বাস্তব মুহূর্তের ভিডিও ক্লিপও যুক্ত করা হয়, যা ভিডিওটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

ভিডিওতে পরীমণিকে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের বিখ্যাত উদযাপন, নাহুয়েল মোলিনার উল্লাস এবং ক্রিস্টিয়ান রোমেরো ও মার্কোস সেনেসির বিভিন্ন ভঙ্গি অনুসরণ করতে দেখা যায়। এছাড়া অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেজের জনপ্রিয় পোজও অনুকরণ করেছেন তিনি।

ভিডিওর শেষাংশে আর্জেন্টিনার জার্সি গায়ে এবং রঙিন সাজে গ্ল্যামারাস উপস্থিতিতে ধরা দেন পরীমণি, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে দেখা যায় নানা প্রতিক্রিয়া। আর্জেন্টিনা সমর্থকরা পরীমণির এই অভিনব উদযাপনের প্রশংসা করেছেন। অন্যদিকে ব্রাজিল সমর্থকরাও মজার মন্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ নেন।

বিশ্বকাপের আবহে প্রিয় দলকে ঘিরে পরীমণির এই ব্যতিক্রমী উদযাপন ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং ভক্তদের নজর কেড়েছে।