মিরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী আফজালসহ গ্রেফতার ৩, ডিজিটাল স্কেল ও গাঁজা উদ্ধার

​মিরপুর উপজেলা প্রতিনিধি, আশিক। প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ জুন, ২০২৬

কুষ্টিয়ার মিরপুরে পুলিশের বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আফজাল মন্ডল (৫৫)সহ তিনজনকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আফজাল মন্ডল মিরপুর উপজেলার কচুয়াদহ গ্রামের মৃত মইজউদ্দিনের ছেলে। মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত গ্রেফতারি পরোয়ানা তামিল ও মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৮ জুন ২০২৬ তারিখে পুলিশ গোপন তথ্য পায়। ওই তথ্যের ভিত্তিতে জানা যায়, কচুয়াদহ গ্রামের আফজাল মন্ডলের বসতবাড়িতে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে।

পরে তথ্যের সত্যতা যাচাই করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করার পর ১৯ জুন রাত আনুমানিক ২টা ১০ মিনিটে মিরপুর থানা পুলিশের একটি চৌকস দল আফজালের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই আফজাল মন্ডলকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারের পর স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আফজাল মন্ডল তার কাছে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো স্থান থেকে একটি সাদা পলিথিনে রাখা ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ হাজার টাকা। এ সময় মাদক মাপার কাজে ব্যবহৃত একটি ডিজিটাল ওজন যন্ত্রও জব্দ করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে আলামত উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে আফজাল মন্ডলের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে এবং তিনি এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদক মামলায় আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান আরও জোরদার করে সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করা হবে।