বিভিন্ন পেশার শ্রমিকদের নিয়ে এনায়েতপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ইছাহাক হোসেন, এনায়েতপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সিরাজগঞ্জের এনায়েতপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের নেতাকর্মীদের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ বৈঠকে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, নৈতিকতা চর্চা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

শুক্রবার (১৯ জুন) সকাল ৭টায় এনায়েতপুরের আল হেরা মদিনাতুল উলূম ক্যাডেট মাদ্রাসার একটি কক্ষে এ শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এনায়েতপুর থানা শাখার সভাপতি ডা. শেখ মো. আইয়ুব আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা শাখার সেক্রেটারি আব্দুল কাদের প্রামাণিক।

প্রধান অতিথির বক্তব্যে সিরাজগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মাঈনুল ইসলাম বলেন, একজন আদর্শ শ্রমিক গড়ে তুলতে নিয়মিত শিক্ষা, নৈতিকতা, শৃঙ্খলা ও সাংগঠনিক চর্চার কোনো বিকল্প নেই। তিনি ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে গত ১৬ জুন থেকে শুরু হওয়া দাওয়াতি কার্যক্রম আগামী ৩০ জুন পর্যন্ত নিয়মিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে এনায়েতপুর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ডা. মো. মোফাজ্জল হোসেন সবুজ বলেন, শিক্ষা ও আদর্শিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, সৎ ও দায়িত্বশীল কর্মী তৈরি করা সম্ভব। তিনি সংগঠনের সদস্যদের মানবকল্যাণ ও শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মো. সোলাইমান হোসেন, শ্রমিক নেতা মো. শামিম ফকির, রুবেল হোসেন, আব্দুস সবুর মিয়াসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তারা শ্রমিকদের অধিকার আদায়, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে শিক্ষা বৈঠকের সমাপ্তি ঘোষণা করা হয়।