পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং ফল চাষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফলমেলা-২০২৬’। ‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে খামারবাড়ি চত্বরে এ মেলার আয়োজন করা হয়।
মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসকের প্রতিনিধি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রাসেল মিয়া। এ সময় কৃষি, স্বাস্থ্য ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ কৃষি উদ্যোক্তা এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যাপক আবু ইমাম মোহাম্মদ রাশেদুন নবী, সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম, এলজিইডির উপপরিচালক কাওছার আলম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ এবং জেলা কৃষক দলের সভাপতি নুরনবী মোস্তফা।
বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ফল উৎপাদন ও ভোগ বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশীয় ফলের বাণিজ্যিক চাষ সম্প্রসারণ এবং আধুনিক সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে পারলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি জনস্বাস্থ্যের উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে। তারা ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
মেলায় মোট ১২টি স্টল অংশ নেয়। বিভিন্ন স্টলে বারোমাসি ও দেশীয় নানা জাতের ফল প্রদর্শনের পাশাপাশি ফল সংরক্ষণ ও পরিচর্যার আধুনিক পদ্ধতি তুলে ধরা হয়। কৃষক, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীরা স্টল পরিদর্শন করে কৃষি কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ গ্রহণ করেন।
স্থানীয় পর্যায়ে নতুন কৃষি উদ্যোক্তা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের আশা, ফলমেলা কৃষকদের মধ্যে ফল চাষে আগ্রহ বাড়ানোর পাশাপাশি জেলার কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক হবে।