গ্রাম আদালতের সেবা সম্পর্কে নন্দীগ্রামে দিনব্যাপী বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নন্দীগ্রাম প্রতিনিধি, শাহীন আলম সাজু প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে দিনব্যাপী একটি বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) ইউনিয়ন পরিষদ চত্বরে এ আয়োজন করা হয়।

“স্বল্প সময়ে, স্বল্প ব্যয়ে সঠিক বিচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত ক্যাম্পেইনে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও সহজ মাধ্যম। এতে আদালতে না গিয়ে স্বল্প খরচে দ্রুত বিচার পাওয়া সম্ভব হয়, যা বিশেষ করে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য অত্যন্ত উপকারী।

দিনব্যাপী এ কর্মসূচিতে লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে গ্রাম আদালতের এখতিয়ার, মামলা দায়েরের প্রক্রিয়া এবং এর সুফল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম (আজাদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

উপস্থিত সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে আরও ব্যাপক প্রচারণার দাবি জানান।