চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক এবং গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় মাধ্যমিক ও সমমানের পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। আগামী ২০ জুলাই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে। দুই মাসের মধ্যেই ফল প্রকাশের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, শিক্ষাব্যবস্থায় সেশনজট কমাতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে এক বছর আগেই এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।
শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন চলমান প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বিকাশে সারা দেশে উদ্ভাবনী ধারণা, প্রদর্শনী ও উদ্যোক্তা তৈরির বিভিন্ন কার্যক্রম চলছে। আগামী ২৮ ও ২৯ জুন এসব কার্যক্রমের আনুষ্ঠানিকতা শেষ হবে।
তিনি জানান, আগামী ২৯ জুন রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে উদ্যোক্তা উদ্যোগ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন।
তিনি বলেন, সরকার এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চায়, যার মাধ্যমে সুনাগরিক তৈরি হবে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার গুরুত্ব অনেক। শিশু-কিশোররা যেন শুধু মুঠোফোন ও প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ না থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, সরকার শুধু সনদনির্ভর শিক্ষাব্যবস্থা নয়, বরং বাস্তব জীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষাব্যবস্থা চালু করতে চায়। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, মেধা ও দক্ষতা বিকাশে বিভিন্ন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ষষ্ঠ শ্রেণি থেকে ‘আনন্দময় শিক্ষা’ কার্যক্রম চালু করা হচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য শ্রেণিতেও এটি সম্প্রসারণ করা হবে।