চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি উন্নয়ন ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আয়োজন করা হয়।
বুধবার (১৭ জুন) সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিসের হলরুমে অনুষ্ঠিত এ কংগ্রেসে মাঠপর্যায়ের কৃষি উন্নয়ন কার্যক্রম, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং সরকারি সহায়তার কার্যকর বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস। তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার এবং কৃষকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম। তিনি বলেন, টেকসই কৃষি উন্নয়নের জন্য আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা অপরিহার্য। এ ধরনের কংগ্রেস কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে এবং কৃষি উৎপাদন ও উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল জোন বিএমডিএ’র সহকারী প্রকৌশলী রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, এবং বিশিষ্ট আম চাষী রুবেল ইসলাম।
এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, ভেটেরিনারি সার্জন, ফুড অফিসার শাহনাজ পারভীন, পিআইও দুলাল, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, কৃষক-কৃষাণী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা কৃষি বিভাগের বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং কৃষিপণ্যের গুণগত মান যাচাই করে রপ্তানিমুখী করার বিষয়ে কৃষকদের দিকনির্দেশনা দেন।