চাঁদপুর জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১৬ জুন) চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম ইসমাইল পাটোয়ারী এবং সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মতলব পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সুমন পাটোয়ারী দীর্ঘদিন ধরে সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ও অনৈতিক কাজে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই সঙ্গে চাঁদপুর জেলা ছাত্রদল সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের সুমন পাটোয়ারীর সঙ্গে সব ধরনের দলীয় সম্পর্ক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে। জেলা ছাত্রদল মনে করে, সংগঠনের ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন।
এদিকে, সম্প্রতি একটি হত্যা মামলায় নাম আসার পর থেকেই আলোচনায় ছিলেন সুমন পাটোয়ারী। পুলিশ সূত্রে জানা গেছে, সম্পত্তিগত বিরোধকে কেন্দ্র করে মান্নান পাটোয়ারী (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি হিসেবে তাকে অভিযুক্ত করা হয়। ঘটনার পর আত্মগোপনে চলে গেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য, মান্নান পাটোয়ারী হত্যা মামলার প্রধান আসামি হিসেবে গ্রেপ্তারের পরদিনই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় চাঁদপুর জেলা ছাত্রদল। দলটির নেতারা জানিয়েছেন, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে গুরুতর অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে সংগঠনের নীতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।