দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ (জাতীয় কর্মপরিকল্পনা) তৈরি করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বুধবার (১৭ জুন) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতা এবং গণমাধ্যম খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকালে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে বর্তমান সরকারের উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
মাইকেল মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ চাইলে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। গণমাধ্যমের স্বাধীনতা ও কার্যকর পরিবেশ তৈরিতে ইইউ সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
রাষ্ট্রদূতের বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে স্বাধীন গণমাধ্যমের পাশাপাশি জনগণকে ভুল তথ্য ও অপতথ্যের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়াও সরকারের অন্যতম দায়িত্ব।
তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং তথ্যের নির্ভরযোগ্যতা—এই দুই বিষয়কে গুরুত্ব দিয়ে সরকার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। তথ্যমন্ত্রী জানান, গণমাধ্যম সংশ্লিষ্ট সব অংশীজনের মতামতের ভিত্তিতে একটি ‘ড্রাফট কমিটি’ গঠন করা হবে। ওই কমিটি দেশের গণমাধ্যম খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিবেচনা করে একটি ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ তৈরি করবে।
পরে ওই জাতীয় কর্মপরিকল্পনার ভিত্তিতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি। বৈঠকে বাংলাদেশের গণমাধ্যম ব্যবস্থার উন্নয়ন, পেশাগত মান বৃদ্ধি, সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরির বিষয়েও আলোচনা হয় বলে জানা গেছে।