সংসদ সদস্য হিসেবে বরাদ্দ পাওয়া সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. মিজানুর রহমান। একই সঙ্গে তার বরাদ্দকৃত সরকারি বাসার জানালা-দরজায় এখনও পর্দা লাগানো হয়নি বলেও সংসদে জানিয়েছেন তিনি।
বুধবার (১৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এসব বিষয় তুলে ধরেন জামায়াতের এই সংসদ সদস্য। এদিন বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
সংসদে মিজানুর রহমান তার সরকারি আবাসনের সুযোগ-সুবিধার বিষয়টি তুলে ধরে বলেন, সংসদ সদস্য হিসেবে যে ফ্ল্যাটটি তিনি পেয়েছেন, সেখানে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র এখনো সরবরাহ করা হয়নি। বিশেষ করে ফ্ল্যাটের জন্য একটি ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেনের প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।
এ ছাড়া ফ্ল্যাটের জানালা ও দরজায় এখনও পর্দা না লাগানোর বিষয়টিও উল্লেখ করেন তিনি। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সংসদ সদস্যদের সরকারি সুযোগ-সুবিধা নিয়ে এর আগেও জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এর আগে গত ২১ এপ্রিল জাতীয় সংসদের অধিবেশনে গাড়ির দাবি তুলে আলোচনায় আসেন জামায়াতের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সেদিন সংসদে বক্তব্য দিতে গিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, সংসদ সদস্যদের মানুষের কাছে যেতে হলে নিজস্ব পরিবহন সুবিধা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা চেয়ারম্যানদের গাড়ির ব্যবস্থা থাকলেও অনেক সংসদ সদস্যকে ভাড়ায় গাড়ি ব্যবহার করতে হয়।
তিনি আরও বলেন, সংসদ সদস্যদের বসার ব্যবস্থা করা হয়েছে, এখন জনগণের কাছে সহজে পৌঁছাতে গাড়ির ব্যবস্থা করা হলে তাদের কাজ করতে সুবিধা হবে। সরকারি আবাসন ও সুযোগ-সুবিধা নিয়ে সংসদে বিভিন্ন সময় এ ধরনের দাবি ও আলোচনা হয়ে থাকে। তবে এসব সুবিধা দেওয়ার বিষয়টি সরকারের নীতিমালা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করে।